শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
এশিয়ান গেমস ক্রিকেটে সোনা জয়ের প্রত্যাশা নিয়েই চীনে গিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। মালয়েশিয়ার বিপক্ষে সহজ জয়ে সেমিফাইনালে উঠলেও সেখানে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় শ্রীলঙ্কা। কিন্তু সেই বাধা পেরোতেও খুব বেশি কষ্ট হয়নি আশরাফুলদের। শ্রীলঙ্কাকে পাঁচ উইকেটে হারিয়ে তাঁরা পৌঁছে গেছেন এশিয়ান গেমস ক্রিকেট ইভেন্টের ফাইনালে।
টসে জিতে ব্যাট করতে পারলেই বেশি সুবিধা পাওয়া যাবে বলে মনে করেছিলেন বাংলাদেশের অধিনায়ক আশরাফুল। কিন্তু ভাগ্য তাঁর সহায় হয়নি। প্রথমে বল হাতেই মাঠে নামতে হয় বাংলাদেশকে। কিন্তু মোহাম্মদ সোহরাওয়ার্দী আর শাহাদাতের অসাধারণ বোলিংয়ে লঙ্কানদের ১৫.২ ওভারে মাত্র ১০১ রানেই গুটিয়ে দেয় বাংলাদেশ। শাহাদাত তিন উইকেট আর সোহরাওয়ার্দী চারটি উইকেট নেন।
১০২ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ফয়সাল হোসেনের ২৪ বলে ৩৩ ও মোহাম্মদ আশরাফুলের ১৫ বলে ১৮ রানের সুবাদে জয়ের অনেক কাছাকাছি পৌঁছে যায় বাংলাদেশ। পরে মোহাম্মদ নাইম ইসলামের ৩৪ বলে ২৫ রানের সাবধানী ইনিংসটির ফলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
আরেক সেমিফাইনালে অঘটনের জন্ম দিয়ে পাকিস্তানকে ২২ রানে হারিয়ে ফাইনালে উঠেছে আফগানিস্তান। কাল বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় সোনা জয়ের লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা ১০১/১০ (১৫.২ ওভার)
জয়াসিংহে ২৮, কুলাতুঙ্গে ২৫
সোহরাওয়ার্দী ৪/৬, শাহাদাত ৩/২৯
বাংলাদেশ ১০২/৫ (২০ ওভার)
ফয়সাল হোসেন ৩৩, নাঈম ইসলাম ২৫, আশরাফুল ১৮
নুয়ান জয়সা ২/১৫
(বাংলাদেশ পাঁচ উইকেটে জয়ী)
-প্রথম আলো